চুলের খোঁপায় লুকিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় হাতেনাতে আটক হয়েছেন শরীফা বেগম (৫০) নামের এক নারী মাদক কারবারি। আজ ৭ ডিসেম্বর, রবিবার দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের ইন্সপেক্টর চন্দন গোপাল সুরের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তের পশ্চিম পাশে একটি লেগুনা থামিয়ে তল্লাশি করা হয়।
এসময় শরীফা বেগমের চুলের খোঁপার ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটক শরীফা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাসিম মিয়ার স্ত্রী।

চুলের খোঁপায় লুকিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় হাতেনাতে আটক হয়েছেন শরীফা বেগম
ইন্সপেক্টর চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এক নারী চুলের খোপায় ইয়াবা লুকিয়ে আশুগঞ্জ থেকে লেগুনাযোগে ভৈরবে আসছেন। পরে নির্দিষ্ট স্থানে লেগুনাটি থামিয়ে তাকে তল্লাশি করা হলে ২হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে ভৈরব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
