১৯২৯ সালের এই দিনে কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন বাংলাদেশের এই বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত রাষ্ট্রপতি ও ভাষা সৈনিক আলহাজ্ব মো: জিল্লুর রহমান। তিনি আজীবন গণতন্ত্র, সহনশীলতা ও মানুষের কল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাস করতেন।
১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের সময় তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। সে সময় তাঁর সক্রিয় ভূমিকার কারণে পাকিস্তানি শাসকগোষ্ঠী তাকে গ্রেপ্তার করে এবং দীর্ঘ সময় কারাবন্দী থাকতে হয়।
দেশের স্বাধীনতার জন্য তাঁর এই ত্যাগ ও অবদান ইতিহাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ভৈরবের মানুষের কাছে তিনি ছিলেন দল-মত নির্বিশেষে সবার প্রিয় একজন মানুষ। সাধারণ মানুষের সঙ্গে তাঁর সহজ সম্পর্ক, বিনয়ী আচরণ এবং রাজনৈতিক প্রজ্ঞার কারণে তিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। অহিংস ও সহনশীল রাজনীতির জন্য তিনি ছিলেন বিশেষভাবে সুপরিচিত, যা তাকে দেশের রাজনীতিতে এক অনন্য মর্যাদা এনে দেয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন সততা, ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে এবং দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ ৯মার্চ, তাঁর জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
নিউজ টুডে / এম আর রুবেল
