কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সুবিধার্থে থানার সকল ফ্লোরে সার্বক্ষণিক ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা নিশ্চিত করা এবং সদস্যদের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে- ২৭ এপ্রিল, সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের এসপি মোঃ রেজাউল করিম। এসময় সঙ্গে ছিলেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, আশুগঞ্জ টোলপ্লাজা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল হালিম সহ অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ।
উদ্বোধনের আগে হাইওয়ে পুলিশের সেবা আরও বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন হাইওয়ে সিলেট রিজিওনের পুলিশ সুপার রেজাউল করিম। এসময় তিনি থানার সকল ফ্লোরে ওয়াই-ফাই সংযোগ চালুর মাধ্যমে ডিজিটাল পুলিশিং কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

পুলিশ সুপার মো: রেজাউল করিম বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার ছাড়া দ্রুত ও কার্যকর সেবা প্রদান সম্ভব নয়। থানায় ওয়াই-ফাই সুবিধা চালুর ফলে অফিসিয়াল তথ্য আদান-প্রদান, অনলাইন রিপোর্টিং, জরুরি বার্তা গ্রহণ, বিভিন্ন সফটওয়্যার ব্যবহারে গতি বাড়বে। পাশাপাশি সদস্যরা দায়িত্ব শেষে পরিবার-পরিজনের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারবেন, যা তাদের মানসিক প্রশান্তি ও কর্মস্পৃহা বাড়াবে।
তিনি আরও বলেন, সদস্যদের কল্যাণ নিশ্চিত হলে তার ইতিবাচক প্রভাব জনগণকে দেওয়া সেবাতেও পড়বে। তাই প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের মানবিক ও পেশাগত কল্যাণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। থানায় ফ্রি ওয়াই-ফাই চালু হওয়ায় পুলিশ সুপার রেজাউল করিমের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী ও সার্জেন্ট তরিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
থানায় কর্মরত পুলিশ সদস্যের ভাষ্য, দীর্ঘ সময় ডিউটি শেষে পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে অনেক সময় সমস্যায় পড়তে হতো। এখন ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু হওয়ায় সহজেই ভিডিও কল, অনলাইন যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবেন। এতে করে সেবাদান আরও সহজতর হবে বলে মনে করেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভৈরব হাইওয়ে থানায় এ উদ্যোগ সদস্যদের কল্যাণের পাশাপাশি হাইওয়ে পুলিশের সার্বিক কার্যক্রমে নতুন গতি আনবে এবং জনগণ আরও দ্রুত ও আধুনিক সেবা পাবে।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাকের ভৈরব প্রতিনিধি এম এ হালিম, দৈনিক আমাদের সময়ের ভৈরব প্রতিনিধি খাইরুল ইসলাম সবুজ, দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম. আর রুবেল, দৈনিক কালবেলার ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারী, ডিবিসির ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তুর্য, নিউজ টুয়েন্টি ওয়ানের ভৈরব প্রতিনিধি জ.ই পরশ, সাপ্তাহিক সময়ের দৃশ্যপটের বার্তা সম্পাদক নাজির আলামিন প্রমুখ।
এম.আর রুবেল / নিউজ টুডে
