১৯
দেশের পাট খাতের উন্নয়ন, বহুমুখী পাটপণ্যের প্রসার এবং নতুন উদ্যোক্তা তৈরিতে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় অবস্থিত জেডিপিসি কার্যালয় ও বিপণন কেন্দ্র আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ সরবরাহ কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে। পরিবেশবান্ধব এ উদ্যোগ বাস্তবায়নে জেডিপিসি অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, পাটজাত পণ্যের গুণগত মান উন্নয়ন, আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন উদ্ভাবন, বাজার সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে জেডিপিসির কার্যক্রম প্রশংসনীয়। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পাটপণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখতে হবে।

পরিদর্শনকালে জেডিপিসির ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো. জাহিদ হোসেন, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম.আর রুবেল / নিউজ টুডে
