শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে মাদ্রাসা ছাত্রী ও বাবাকে অপহরণের চেষ্টার অভিযোগে ২ ব্যক্তি আটক

ভৈরবে মাদ্রাসা ছাত্রী ও বাবাকে অপহরণের চেষ্টার অভিযোগে ২ ব্যক্তি আটক

60 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী ও তাঁর বাবাকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) বেলা ৯টার দিকে শহরের কমলপুর নিউটাউন এলাকায় স্থানীয় জনতা অভিযুক্তদের আটক করে ভৈরব থানা পুলিশের হাতে সোপর্দ করে।

আটককৃতরা হলেন, শহরের গাছতলাঘাট এলাকার বাসিন্দা মো. জসিম মিয়া (৪৮) ও তাঁর সহযোগী অটোরিকশা চালক মো. রনি মিয়া (৩২)। স্থানীয় লোকজনের অভিযোগ, আটক হওয়া জসিম মিয়া বিভিন্ন সময়ে নিজেকে রাজনৈতিক নেতা ও সাংবাদিক পরিচয়ে দিয়ে মানুষের কাছে প্রভাব বিস্তারের চেষ্টা করতো।

থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদ্রাসায় যাতায়াতের পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন জসিম মিয়া। শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে নিউটাউন এলাকার ভাই ভাই ভিলার সামনে অভিযুক্তরা ছাত্রীকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রীর বাবা হারুনুর রশীদ বাধা দিলে তাকেও অপহরণের চেষ্টা করা হয়। ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দুই অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।

ছাত্রীর বাবা হারুনুর রশীদ অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফা বেগম নামে এক নারী তার বিরুদ্ধে একটি মিথ্যা চেক জালিয়াতির মামলা দায়ের করেন, যার জামিনে তিনি বর্তমানে রয়েছেন। পরবর্তীতে জসিম মিয়া ওই নারীর সঙ্গে যোগাযোগ করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি নিয়মিত হয়রানির শিকার হন। ঘটনার দিন জসিম মিয়া এক রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে তাকে ও তার মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, জসিম মিয়া দীর্ঘদিন ধরে সাংবাদিক ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ টুডে / এম আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম