কিশোরগঞ্জের ভৈরবে জমকালো আয়োজনে ভৈরব সরকারি চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ মার্চ, সোমবার বেলা ১১টায় শহরের ভৈরব প্যালেস পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি। তাঁর উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। এ সময় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারি চাকুরিজীবীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভৈরব সরকারি চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রধান অতিথিসহ আগত অতিথিদের স্বাগত জানান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণের মাধয়মে এক মিলনমেলায় পরিণত হয়। দিনব্যাপী এই আয়োজনের ছিলো আলোচনা সভা, মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা এবং দুপুরের ভোজের ব্যবস্থা।

ওই অনুষ্ঠানে সংগঠেনর সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা এবং পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। তাদের মতে, এ আয়োজন ভৈরবের সরকারি চাকুরিজীবীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করেছে। উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি একটি স্মরণীয় আয়োজনে পরিণত হয় বলে জানান আয়োজকরা। ভৈরব সরকারি চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের সভাপতি এবং কর অঞ্চল-১০, যশোরের কর কমিশনার মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।

ভৈরব প্যালেসে সরকারি চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
ওই সংগঠনের নির্বাহী সদস্য মো. মাহিন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল, নারায়ণগঞ্জ শ্রম আদালতের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ওই সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, সাধারণ সম্পাদক সিনিয়র সহকারি সচিব শফিউল্লাহ তপন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
নিউজ টুডে / এম.আর রুবেল
