শিরোনাম
Home » সর্বশেষ » নিত্যপণ্য দেওয়ার নামে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভৈরবে সংবাদ সম্মেলন;

নিত্যপণ্য দেওয়ার নামে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

59 / 100 SEO Score

সরকারি নিত্যপণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৪ শতাধিক নারী-পুরুষের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভৈরব বাজার ১নং ওয়ার্ড বিএনপি নেতা মাছুম বিল্লাহ, তাঁর ছোট ভাই মাহাবুব মিয়া ও স্ত্রী টুনি আক্তারের বিরুদ্ধে। গত ১৬ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন। এতে নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আয়েশা বেগম, বিলকিস আরা ও মনি বেগম জানান, প্রায় এক বছর আগে অভিযুক্তরা ‘এককালীন ৫ হাজার টাকা দিলে বছরে ২০ হাজার টাকার সরকারি নিত্যপণ্য দেওয়া হবে এমন প্রলোভন দেখান। এ আশ্বাসে প্রায় ৪ শতাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কে টাকা সংগ্রহ করা হয়।
তারা জানান, কোনো কোনো ক্ষেত্রে একই পরিবারের তিনজনের নামে ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে। আবার কেউ কেউ দলগতভাবে টুনি আক্তারের কাছে টাকা জমা দেন। অভিযোগ অনুযায়ী ৩০ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা করে, ১২৫ জনের কাছ থেকে ৩০ হাজার টাকা করে, ২০০ জনের কাছ থেকে ১৫ হাজার টাকা করে এবং ৩০০ জনের কাছ থেকে ৩ হাজার টাকা করে মোট প্রায় ৩ কোটি টাকা আদায় করা হয়।
ভুক্তভোগীদের দাবি, টাকা নেওয়ার পর একবার নিত্যপণ্য সরবরাহ করা হলেও পরে আর কোনো পণ্য দেওয়া হয়নি। এতে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। এরপর বহুবার টাকা ফেরতের জন্য যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কেউ কোনো টাকা ফেরত পাননি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের কষ্টার্জিত অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।
অন্যদিকে, অভিযুক্ত মাছুম বিল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, টুনি আক্তারের আত্মীয়স্বজন কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন বলে শুনেছেন। এ বিষয়ে স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠকও হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, টুনি আক্তারের কাছ থেকে জোরপূর্বক তিনটি চেক নেওয়া হয়েছে বলেও শুনেছি। ঘটনাটি নিয়ে বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা কোনোভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নই।

এম.আর রুবেল / নিউজ টুডে

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম