কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও হেরোইন উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজমল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের ইন্সপেক্টর চন্দন গোপাল সুরসহ অন্যান্য সদস্য এবং ভৈরব থানা পুলিশ সহযোগিতা করেন।

অভিযানে পঞ্চবটি এলাকার চিহ্নিত নারী মাদক কারবারি লতিফা বেগমকে (৫৮) ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এছাড়া জিহাদ (২০) নামে এক যুবককে ৫ পুরিয়া গাঁজা এবং জাকির হোসেন (২৬) নামে আরেকজনকে ২ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লতিফা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জিহাদকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং জাকির হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনোভাবেই মাদক সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক বলেন, ঘটনাস্থল পঞ্চবটীতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া রিপন মিয়া নামে একজনকে মুচলেকা নিয়ে মিলন মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এম.আর রুবেল / নিউজ টুডে
