শিরোনাম
Home » সর্বশেষ » রিপনকে দায়িত্ব না দিতে গ্রামবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের!

রিপনকে দায়িত্ব না দিতে গ্রামবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

61 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হাইকোর্টের নির্দেশে নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এর বিরোধিতা করে গ্রামবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রিপন একটি মামলায় অভিযুক্ত হয়ে হাজিরা দিতে গিয়ে কারাগারে যান। সে সময় ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম সচল রাখতে জেলা প্রশাসকের লিখিত আদেশে প্যানেল চেয়ারম্যান খোরশেদ আল-আমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি প্রায় ১৮ মাস ধরে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন দায়িত্ব ফিরে না পাওয়ায় চেয়ারম্যান মিজানুর রহমান রিপন হাইকোর্টে রিট আবেদন করেন। পরে গত ১২ এপ্রিল হাইকোর্ট ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। এদিকে আদালতের নির্দেশনার পর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আল-আমিন আপিল করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ইউনিয়নের মধ্যেরচর গ্রামে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


আজ ২৭ এপ্রিল, সোমবার সকাল ১০টার দিকে মধ্যেরচর সড়কে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা খোরশেদ আল-আমিনকে দায়িত্বে বহাল রাখার দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, খোরশেদ আল-আমিন দায়িত্ব নেওয়ার পর জনগণের পাশে থেকেছেন। তাই তাকেই চেয়ারম্যান হিসেবে রাখতে হবে। কোনোভাবেই রিপনকে পুনরায় দায়িত্ব দেওয়া যাবে না।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মিজানুর রহমান রিপন ফ্যাসিষ্ট সরকারের দোসর ছিলো। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এই নেতাকে যেন কোনভাবেই আর চেয়ারম্যানের দায়িত্বে বসানো না হয়। তাকে যদি আবার পুনরায় দায়িত্ব দেওয়া হয় তাহলে মধ্যেরচর গ্রামবাসী কঠোর আন্দোলনে নামবে।

এ বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান রিপন বলেন, দীর্ঘদিন ঘুরেও আমার প্রাপ্য দায়িত্ব বুঝে না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আদালত ইউএনও মহোদয়কে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। এখনো দায়িত্ব পাইনি। আশা করছি দ্রুত দায়িত্ব বুঝে পাব।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. মামুনুর রশীদ বলেন, বিষয়টি আগে থেকেই চলমান। ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম চালু রয়েছে। আদালত একটি আদেশ দিয়েছেন। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এলাকাবাসীর বিক্ষোভের বিষয়টিও শুনেছি। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এম.আর রুবেল / নিউজ টুডে

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম