Home » সর্বশেষ » ক্রেডিট কার্ডের ঋণসীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

প্রজ্ঞাপন জারি:

ক্রেডিট কার্ডের ঋণসীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

63 / 100 SEO Score

দেশে ক্রেডিট কার্ড ব্যবহারে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় ক্রেডিট কার্ডের ঋণসীমা প্রায় দ্বিগুণ করে সর্বোচ্চ ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সুদের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ২৫ শতাংশ। রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আগে গ্রাহকেরা জামানত ছাড়া সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পেতেন। নতুন নিয়মে জামানতহীন ঋণসীমা বাড়িয়ে ২০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কার্ডধারীরা তাঁদের মোট ক্রেডিট সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। তবে নগদ উত্তোলনের ক্ষেত্রে কোনো সুদমুক্ত সময়সীমা থাকবে না, যা কেনাকাটার ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রযোজ্য।

ক্রেডিট কার্ড ঋণের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ সুদ আরোপ করা যাবে এবং সুদ কেবল বকেয়া টাকার ওপর হিসাব করা হবে, পুরো বিলের ওপর নয়। বিল পরিশোধে দেরি হলে বিলম্ব ফি একবারের বেশি নেওয়া যাবে না। নীতিমালায় বলা হয়েছে, কার্ড চালুর আগে কোনো ধরনের ফি নেওয়া যাবে না। সুদহার বা অন্য কোনো চার্জ পরিবর্তন করতে হলে গ্রাহককে অন্তত ৩০ দিন আগে লিখিত বা ইলেকট্রনিকভাবে জানাতে হবে।

গ্রাহকের অধিকার রক্ষায় কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাওনা আদায়ে কোনো ব্যাংক বা রিকভারি এজেন্ট গ্রাহককে মানসিক বা শারীরিকভাবে হয়রানি করতে পারবে না। পরিবারের সদস্য বা রেফারেন্স ব্যক্তিদের গোপনীয়তাও রক্ষা করতে হবে। বকেয়া আদায়ে যোগাযোগ শুধুমাত্র অফিস সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
এ ছাড়া কার্ড হারানো বা চুরি হলে তাৎক্ষণিক ব্লক করার জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রেডিট কার্ড পেতে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তবে ১৬ বছর বয়সী নির্ভরশীল শিক্ষার্থীরা সম্পূরক কার্ড ব্যবহার করতে পারবে। পাশাপাশি ই-টিন সনদ ও একটি পরিষ্কার সিআইবি প্রতিবেদন বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্রেডিট কার্ড ব্যবহারের বিস্তার বাড়ার সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার, ভোক্তা সুরক্ষা নিশ্চিত এবং দায়িত্বশীল ঋণ বিতরণ উৎসাহিত করতেই এই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম