শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবের জ্বালানি তেলের ডিপোতে রেশনিংয়ে তেল সরবরাহ

পরিস্থিতি স্বাভাবিকের দাবি কর্তৃপক্ষের;

ভৈরবের জ্বালানি তেলের ডিপোতে রেশনিংয়ে তেল সরবরাহ

55 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে জ্বালানি তেলের তিনটি ডিপোতে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। অতিরিক্ত তেল উত্তোলন ঠেকাতে যাচাই-বাছাই করে ট্যাংক লরিতে তেল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিপো ইনচার্জ মতিউর রহমান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তেলের কোনো ঘাটতি নেই বলে দাবি করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১২মার্চ) দুপুরে মেঘনা ত্রিসেতু সংলগ্ন ডিপোঘাট এলাকায় অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তিনটি ডিপো থেকে নিয়মিত তেল সরবরাহের চিত্র দেখা যায়। তবে অতিরিক্ত মজুত ও অনিয়ন্ত্রিত উত্তোলন ঠেকাতে সাময়িকভাবে রেশনিং পদ্ধতিতেই তেল সরবরাহ করা হচ্ছে।


ডিপো সূত্রে জানা গেছে, কিছু কিছু ডিলার প্রয়োজনের তুলনায় বেশি তেল উত্তোলন করার জন্য প্রতিদিনই তেল নিতে আসে। তেলের সংকট হতে পারে এমন ধারণা থেকেই তাদের চাহিদা বেড়ে যায়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এখন প্রতিটি ট্যাংক লরিতে নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে তেল দেওয়া হচ্ছে।

ট্যাংক লরির কয়েকজন চালক জানান, তিনটা পর্যন্ত তেল সরবরাহ করছে রেশনিং পদ্ধতিতে। এখন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান তারা। তেল সরবরাহ বন্ধ থাকায় বুধবার দুপুর পর্যন্ত ৪ঘন্টা ডিপো ইনচার্জকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তেল ব্যবসায়ীদের সঙ্গে ডিপো ইনচার্জগণ আলোচনায় বসে স্বাভাবিক কার্যক্রমের আশ্বাস দেন।

এ বিষয়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ভৈরব ডিপোর ইনচার্জ মো. মতিউর রহমান বলেন, বর্তমানে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে। অতিরিক্ত তেল উত্তোলন ঠেকাতে যাচাই-বাছাই করে তেল দেওয়া হচ্ছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তেলের কোনো ঘাটতি নেই। উল্লেখ্য, ভৈরবের মেঘনা নদীর তীরে অবস্থিত এই তিনটি ডিপো থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, নরসিংদী, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম