শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে ফল ব্যবসায়ী আনোয়ার পারভেজের পাল্টা সংবাদ সম্মেলন

পার্টনার আবুল কালামের কাছে ২ কোটি টাকা পাওনা;

ভৈরবে ফল ব্যবসায়ী আনোয়ার পারভেজের পাল্টা সংবাদ সম্মেলন

52 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে ফল ব্যবসায়ী মো. আনোয়ার পারভেজ দাবি করেছেন, তার ব্যবসায়িক পার্টনার আবুল কালামের কাছে তার ২ কোটি টাকা পাওনা রয়েছে। তবে সেই টাকা পরিশোধ না করে উল্টো তার বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনোয়ার পারভেজ এসব অভিযোগ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মো. ফরিদ মিয়া, তোফাজ্জল হোসেন সোহেল ও নাজমুল হাসান।
সংবাদ সম্মেলনে পারভেজ বলেন, ২০০২ সালে এক লাখ টাকা বিনিয়োগ করে তিনি আবুল কালামের সঙ্গে ফল ব্যবসায় পার্টনার হন। তখন মোট সাতজন পার্টনার ছিলেন এবং তার অংশ ছিল ১০ শতাংশ। কয়েক বছর পর অন্য পাঁচজন পার্টনারকে বাদ দেওয়া হলে তিনি আরও ৭ লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসায় ৩০ শতাংশ অংশীদার হন।
তিনি দাবি করেন, ব্যবসা পরিচালনার সময় তিনি কখনও মুনাফা নেননি; শুধু মাসিক খরচ বাবদ কিছু টাকা নিয়েছেন। তার অভিযোগ, গত ২২ বছরে ব্যবসার তহবিল থেকে আবুল কালাম বিপুল পরিমাণ টাকা নিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ক্রয় করেছেন। পারভেজ বলেন, আমি বাড়িতে ভবন নির্মাণের জন্য মুনাফার অংশ চাইলে তিনি দাবি করেন আমি নাকি শুধু ম্যানেজার ছিলাম, কোনো পার্টনার নই। পরে আমাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দেন।

তিনি আরও বলেন, বন্ধুত্বের সম্পর্কের কারণে তাদের মধ্যে লিখিত কোনো পার্টনারশিপ চুক্তি হয়নি। তবে ফল বাজারের অনেক ব্যবসায়ী তাদের অংশীদারত্বের বিষয়টি জানেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পাওনা টাকা এড়াতে আবুল কালাম স্থানীয় প্রভাবশালীদের দিয়ে তাকে ভয়ভীতি দেখাচ্ছেন। প্রশাসন ও সমাজের কাছে তার পাওনা ২ কোটি টাকা আদায়ে সহায়তা করার দাবি জানান পারভেজ।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে আবুল কালাম বলেন, আনোয়ার পারভেজ কখনও তার পার্টনার ছিলেন না; তিনি ছিলেন বেতনভুক্ত ম্যানেজার। তিনি বলেন, পারভেজ যদি পার্টনার হতো তাহলে লিখিত চুক্তি বা সাক্ষী থাকত। ফল বাজারের সবাই জানে সে আমার কর্মচারী ছিল। আবুল কালামের দাবি, গত ২২ বছরে পারভেজ তার প্রতিষ্ঠানের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি বলেন, “আমি বেশি লেখাপড়া জানি না। তাকে বিশ্বাস করে সব লেনদেন করতাম। পরে আমার ছেলে হিসাব দেখার পর টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। তিনি আরও অভিযোগ করেন, আত্মসাৎ করা টাকা দিয়ে পারভেজ বর্তমানে তার বাড়িতে পাঁচতলা ভবন নির্মাণ করছেন। পাওনা টাকা না দিতেই তিনি উল্টো দাবি তুলছেন বলে জানান আবুল কালাম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম