কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ৮ মার্চ, গতকাল রবিবার দিনগত রাতে ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
আজ ৯ মার্চ, সোমবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, উপজেলার শ্রীনগর পশ্চিমপাড়ায় হাকিম মিয়ার ক্লাবঘরে অভিযান চালিয়ে শ্রীনগর উত্তরপাড়ার মো. দানা মিয়া (৫০), শ্রীনগর মধ্যপাড়ার ফজলু মিয়া (৫৫) ও উজ্জল মিয়া (৩৩) এবং বধুনগর গ্রামের দানু মিয়া (৪০) কে মাদকসহ আটক করা হয়।
আটকের সময় মো. দানা মিয়ার কাছ থেকে একটি কালো মানিব্যাগের ভেতর ফয়েল পেপারে মোড়ানো ৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ফজলু মিয়ার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, উজ্জল মিয়ার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং দানু মিয়ার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদুল কবির জানান, গতকাল রবিবার রাতে চারজন মাদক কারবারিকে মাদকসহ আটক করি। আজ সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিউজ টুডে / এম আর রুবেল
