ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না উল্লেখ করে বিএনপিকে সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আগামী নির্বাচন সহজ হবে না। বিএনপি যদি সতর্ক না হয়, তাহলে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘সামনের নির্বাচন সহজ নয়। অনেকেই এই কথা হেসে উড়িয়ে দিয়েছেন। আজ তারা তা অনুধাবন করতে পারছেন।’ তিনি আরও বলেন, বিএনপির পরিকল্পনা দলীয় হলেও তা দেশের স্বার্থ বিবেচনায় প্রণীত হয়েছে।গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দলের নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশ গড়ার পরিকল্পনা নিয়ে নেতাকর্মীরা যদি মানুষের কাছে না যান, তাহলে অন্য দলগুলো মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে। এ জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তপশিল ঘোষণা করেছেন। ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তপসিলের ঘোষণা দেন সিইসি।
নিউজ টুডে / এম. আর রুবেল
