কিশোরগঞ্জের ভৈরবে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী নাজমুল হাসান পাপন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় তাঁর বন্ধু শাওন মিয়া নামে আরও একজন আহত হন। নিহত নাজমুল হাসান পাপন ভৈরব পৌর শহরের চন্ডিবের মধ্যপাড়া এলাকার মসলা ব্যবসায়ী ফারুক মিয়ার ছেলে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কমলপুর মুসলিমের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে নাজমুল হাসান পাপন তাঁর পরিচিত ইলেক্ট্রিকমিস্ত্রিকে মোটরসাইকেলে করে মুসলিমের মোড় এলাকা অতিক্রম করে বাড়ি ফিরছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিক থেকে আসা একটি মুরগীর পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে দুইজনই ছিটকে সড়কে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপন মৃত ঘোষণা করেন। আহত শাওন মিয়াকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শওকত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজন থানায় এসেছে অভিযোগ দিতে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ টুডে / এম.আর রুবেল
