মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় ভৈরব হাজী ফুল মিয়া ফিলিং স্টেশন সংলগ্ন গোধূলি সিটি এলাকা থেকে র্যালিটি শুরু হয়।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠানিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি এবং কিশোরগঞ্জ-০৬ সংসদীয় আসন (ভৈরব-কুলিয়ারচর) বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ শরীফুল আলমের নেতৃত্বে এ র্যালিতে ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, সাংগঠানিক সম্পাদক ভিপি মো: সাইফুল হক, পৌর বিএনপি সভাপতি হাজী মো: শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান সহ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা বহন করেন এবং মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ শরীফুল আলম বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। তারা শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার জন্য আত্মদানকারী সকল বীর সন্তানদের স্মরণ করেন। এসময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
নিউজ টুডে / এম.আর রুবেল
