শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে ট্রেনের টিটিইকে মারধর ও জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা

বিনা টিকেটের যাত্রীরা জুলাইযোদ্ধা পরিচয়ে;

ভৈরবে ট্রেনের টিটিইকে মারধর ও জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা

15 / 100 SEO Score

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের ট্রাভেলিং টিকেট ইন্সপেক্টর (টিটিই) তানজিম ফরাজীকে মারধর ও জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ ৫ জানুয়ারি, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিনা টিকেটে ভ্রমণকারী ৮/১০জন যাত্রী নিজেদেরকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে এমন নেক্কারজনক ঘটনা ঘটায়। এ বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ ও ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ।

ভুক্তভোগী ট্রাভেলিং টিকেট ইন্সপেক্টর (টিটিই) তানজিম ফরাজী জানান, সোমবার বিকেল ৩টায় চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্য ঢাকা স্টেশন ছেড়ে আসে। ট্রেনটি বিমানবন্দর স্টেশন অতিক্রম করার পর তিনি নিয়ম অনুযায়ী টিকেট চেক শুরু করেন। এ সময় ট্রেনের ‘খ’ বগিতে থাকা ৮/১০জন যুবকের কাছে টিকেট চাইলে তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা ছাত্র’ পরিচয় দিয়ে টিকেট দেখাতে অস্বীকৃতি জানায় এবং বলে তাদের টিকেট লাগবে না।
এ নিয়ে টিটিই’র সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা নিজেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে পরিচয় দেয়। ওই বগিতে থাকা এক মধ্যবয়সী যাত্রীর কাছেও টিকেট চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে তাকে ২২০ টাকা দিয়ে টিকেট করতে বলা হলে বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে যুবকরা এবং ওই মধ্যবয়সী যাত্রীকেও নিজেদের ‘জুলাই যোদ্ধাদের নেতা’ বলে পরিচয় দেয়।

ভুক্তভোগী টিটিই আরও জানান, ঢাকাগামী ট্রেনে তার পরবর্তী ডিউটি থাকায় ক্যাশ জমা দিতে তিনি ভৈরব স্টেশনে ট্রেন থেকে নামেন। পরে মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে যাওয়ার সময় পেছন থেকে ক্ষিপ্ত যুবকরা তাকে ডেকে এনে মারধর করে এবং জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

ঘটনার একটি ভিডিও ফুটেজ মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভৈরবজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ট্রাভেলিং টিকেট ইন্সপেক্টর (টিটিই) ভৈরব রেলওয়ে পুলিশ ও স্টেশন মাস্টারকে অবগত করেছেন। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।

স্থানীয়রা জানান, ৮/১০ জন যুবক মিলে টিটিকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। তাদের বাড়ি আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায়। স্থানীয়রা এগিয়ে না এলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। তারা অভিযোগ করেন, বাইরের কিছু যুবক ভৈরব স্টেশনে এ ধরনের ঘটনা ঘটিয়ে ভৈরবের সুনাম ক্ষুণ্ন করেছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, টিটিই’র সঙ্গে ঝামেলার বিষয়টি জানার পর থেকেই খোঁজখবর নেওয়া হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। যতটুকু জানা গেছে, তারা ভৈরবের বাসিন্দা নয়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ বলেন, ট্রাভেলিং টিকেট ইন্সপেক্টরকে (টিটিই) মারধরের বিষয়টি সম্পর্কে আমি অবগত। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম