কুমিল্লার বুড়িচং থেকে চুরি হওয়া একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। আজ ৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহরের হাজী আসমত কলেজের সামনে অবস্থিত গোধূলি ডেন্টিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ট্র্যাকারের মাধ্যমে গাড়িটি শনাক্তের পর গ্যারেজের লোকজনের সঙ্গে ভুক্তভোগীদের ধস্তাধস্তি হয়। পরে তারা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে চুরি হওয়া সিএনজিটি উদ্ধার করেন। এঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী ও পুলিশ জানায়, কুমিল্লার বুড়িচং এলাকা থেকে সিএনজি চালক গিয়াস উদ্দিনের সিএনজি অটোরিকশাটি চুরি হয়। পরে গাড়িতে থাকা ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে ভৈরবের গোধূলি ডেন্টিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অবস্থান শনাক্ত করা হয়। এ সময় ডিভাইস কোম্পানির মালিক ও কোম্পানির কর্মকর্তাসহ কয়েকজন উপস্থিত ছিলেন। গাড়িটি উদ্ধারের সময় সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধারসহ জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ভৈরব থানা পুলিশ।
নিউজ টুডে / এম.আর রুবেল
