জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার পরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দলটি তপশিলকে “সন্তোষজনক” আখ্যা দেয়।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তফসিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এখন নির্বাচন কমিশনের দায়িত্ব।” তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বিএনপিকে আশ্বস্ত করেছে। সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে—তারা সত্যিকারের নির্বাচন চায়।”
নির্বাচন কমিশনের প্রতি আস্থা জানিয়ে ফখরুল বলেন, “নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। সব প্রার্থী অংশ নিয়ে নির্বাচনী পরিবেশকে উৎসবে পরিণত করবেন বলে আশা করছি।”
জোট রাজনীতি প্রসঙ্গে তিনি জানান, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিলেন, তাদের নিয়েই আমরা নির্বাচন করব।” নির্বাচন নিয়ে কোনো দ্বিধা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচন হবে না—এমন আশঙ্কা নেই। আমরা এতে দ্বিধায়ও নেই। ঘোষণা হয়েছে, নির্বাচন হবেই—আমরা সেই প্রস্তুতিতেই আছি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
নিউজ টুড / এম.আর রুবলে
