কিশোরগঞ্জের ভৈরবে ইনসেপ্টা ফার্মার বিক্রয় প্রতিনিধি মো. ফরিদুজ্জামান একটি সংঘবদ্ধ ছিনতাইচক্রের হাতে মোটরসাইকেল, স্মার্টফোন ও টাকা-পয়সা হারিয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।
ভুক্তভোগী মো. ফরিদুজ্জামান জানান, তিনি ইনসেপ্টা ফার্মায় বিক্রয় প্রতিনিধি হিসেবে আশুগঞ্জে কর্মরত। জরুরি কাজে রাতে ভৈরব এসে ফের আশুগঞ্জে ফিরছিলেন। টোল প্লাজা অতিক্রম করার কিছু দূরেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা চারজন ছিনতাইকারী হঠাৎ রাস্তার মধ্যে মোটরসাইকেলের গতিরোধ করে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা তাকে মোটরসাইকেল থেকে নামতে বাধ্য করে। এরপর তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন, নগদ সাত হাজার টাকা এবং মোটরসাইকেলটি ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর ফরিদুজ্জামান সহকর্মীদের খবর দিলে তারা রাতেই ভৈরব থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। রাতেই পুলিশের সঙ্গে যোগাযোগ হলেও লিখিত অভিযোগ দিতে তাকে সকালে আসতে বলা হয়। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ছিনতাইকারীদের শনাক্তের জন্য কাজ চলছে।
স্থানীয়দের অভিযোগ, সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশপাশের এলাকায় সন্ধ্যার পর অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি, ওই সড়কে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা জরুরি।
ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদুল কবির বলেন, রাতে ভুক্তভোগী মৌখিকভাবে অভিযোগ করেছেন। সকালে তিনি লিখিত অভিযোগ দেবেন। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুততম সময়ে ছিনতাইকারীদের শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
নিউজ টুডে / এম.আর রুবেল
