কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বধ্যভূমিতে উপস্থিত হয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে দলীয়ভাবে নানা কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
নিউজ টুডে / এম.আর রুবেল
