কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ ২৯ ডিসেম্বর, সোমবার দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে. এম মামুনুর রশিদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভিপি মো. সাইফুল ইসলাম, মো. নুরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান প্রমুখ।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের ব্রিফিং করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৈরব-কুলিয়ারচর একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের সার্বিক উন্নয়নের পাশাপাশি সাম্য, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ে তুলতে কাজ করবো।
তিনি আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। সাংবাদিকরাও তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি। দলীয় প্রভাবের কারণে নির্বাচন প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। এতে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে। মনোনয়ন পত্র দাখিলের আগে বেলা ১১টায় ভৈরব বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে যোগদান করেন ধানের শীষের প্রার্থী শরীফুল আলম।
নিউজ টুডে / এম.আর রুবেল
