গোছানো ক্যারিয়ার ছেড়ে রাজনীতির কঠিন পথে হাঁটছেন তরুণ নেতা শরিফুল হক জয়। প্রায় ১৭ মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হলেও ভৈরবের জন্য কিছু করার তাগিদ তাঁকে সব সময়ই অস্থির করে রাখতো।
আজ ২৯ ডিসেম্বর, সোমবার ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেয়ার পর তিনি ফেসবুকে তাঁর নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, ভেতরে ভেতরে সব সময় একটি অপূর্ণতা কাজ করত ইশ, ভৈরবের জন্য যদি কিছু করতে পারতাম।

সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় এনসিপির জোটে যাওয়া এবং দলীয় মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে নতুন করে সিদ্ধান্ত নিতে হয় তাঁকে। ঠিক সেই সময় পাশে দাঁড়ান সহযোদ্ধা তরুণরা। তাঁদের সাহস ও অনুপ্রেরণায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন শরিফুল হক জয়।
মাত্র দুই দিনের মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থন সংগ্রহ করতে সক্ষম হন। একঝাঁক তরুণ স্বপ্নবাজ মানুষকে সঙ্গে নিয়েই এবার কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাঠে নামছেন জয়।
শরীফুল হক জয় সংবাদ মাধ্যমকে বলেন, ভৈরবের উন্নয়ন, তরুণদের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে মানুষের আস্থা ও দোয়াকেই তিনি সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন। সবশেষে তিনি বলেন, এই লড়াই একার নয়। ভৈরবের মানুষের দোয়া ও সমর্থনই আমাকে এগিয়ে যেতে সাহস দিচ্ছে।
নিউজ টুডে / এম.আর রুবেল
