শিরোনাম
Home » সর্বশেষ » আপোষহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া : শরীফুল আলম

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল;

আপোষহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া : শরীফুল আলম

46 / 100 SEO Score

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এক কথার মানুষ। বহু প্রস্তাব ও চাপের মুখেও তিনি কখনো আপোষ করেননি। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে সুবিধাভোগীদের নিয়ে সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর শুরু হয় নির্যাতন ও নিপীড়ন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মো: শরীফুল আলম।
আজ শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর পৌর শহরের কমলপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি মো. সাইফুল হক, পৌর বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় শরীফুল আলম বলেন, জিয়া পরিবারের পাশাপাশি যারা দেশে গণতন্ত্র চেয়েছেন, তাদের ওপরও নির্যাতন, নিপীড়ন ও মিথ্যা মামলার মাধ্যমে গ্রেপ্তার চালানো হয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া আপোষহীন অবস্থানে থেকেছেন। আপোষ করলে তিনি ব্যক্তিগতভাবে স্বস্তিতে থাকতে পারতেন, কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করে তিনি তা করেননি।
তিনি আরও বলেন, তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আন্দোলনের ভিত্তি গড়ে তুলেছেন, যার ফলেই স্বৈরাচারের পতন ঘটেছে। নির্যাতিত মানুষের বদদোয়ায় আজ স্বৈরশাসকের পরিণতি কী হয়েছে, তা সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে। আল্লাহ সুবিচার করেছেন। শরীফুল আলম আরও বলেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সম্মান পেয়েছেন, তার জন্য আমরা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে দেশনায়ক তারেক রহমানের পাশে থাকার জন্য ভৈরববাসীর প্রতি আহ্বান জানান তিনি। সবশেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম